প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:০২
গুচির শোরুমে কাজ করতেন জর্জিনা, বিয়েতেও গুচির পোশাক

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে ঘিরে দীর্ঘদিন ধরেই ছিল নানা কৌতূহল। তবে বিয়ের বিষয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছিলেন এই তারকা জুটি। গত ১১ আগস্ট বিয়ের আংটি পরা হাতের ছবি প্রকাশ করে তারা প্রথমবারের মতো বিষয়টি নিশ্চিত করেন।
এরপর ভোগে প্রকাশিত বিয়ের প্রথম ভিডিওতে জানা যায়, প্রচলিত সাদা গাউনের বদলে বিশেষ দিনে জর্জিনা বেছে নিয়েছিলেন গুচির সম্পূর্ণ সাদা পোশাক। তার পরনে ছিল লম্বা হাতার স্ট্রাকচার্ড জ্যাকেট ও ফিটেড মিডি স্কার্ট। দুটিই তৈরি করা হয়েছিল সিল্ক ফেইল কাপড়ে। সঙ্গে ছিল গুচির ‘হর্সবিট’ নকশার সাদা সাটিন জুতা।
বিয়েতে জর্জিনা চুল খোলা রেখেছিলেন। ন্যুড টোনের মেকআপ ও সাদা ম্যানিকিউরে তার সাজে ফুটে ওঠে সরলতা ও আভিজাত্যের ছাপ।
রোনালদোর পোশাকেও ছিল গুচির ছোঁয়া। প্রচলিত কালো টাক্সিডোর বদলে তিনি পরেছিলেন হালকা বেইজ রঙের স্যুট, সাদা টি-শার্ট এবং কাস্টম গুচি লোফার। গলায় ছিল তার ব্যক্তিগত রোজারিও।
শুধু রোনালদো-জর্জিনা নন, তাদের পাঁচ সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, ইভা, মাতেও, আলানা মার্টিনা ও বেলা এস্মেরালদার পোশাকেও ছিল গুচির ছাপ। তাদের পোশাকেও প্রাধান্য পেয়েছিল হালকা ও প্রাকৃতিক রং।
এই বিয়েতে গুচির উপস্থিতি ছিল নিছক ফ্যাশনের বিষয় নয়। কারণ জর্জিনা একসময় গুচির একটি শোরুমে কাজ করতেন। সেখানেই রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়েছিল। তাই জীবনের বিশেষ দিনেও গুচির পোশাক বেছে নেওয়া তাদের সম্পর্কের শুরুর স্মৃতিকে যেন নতুন করে সামনে নিয়ে এসেছে।







