প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০
কাউন্টি ক্রিকেটের আদলে ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করে আগামী বছর আরও গোছানোভাবে টুর্নামেন্টটি মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে এনসিএল টি-টোয়েন্টির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই টুর্নামেন্টকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু। তার মতে, ‘বাংলাদেশ ফার্স্ট’ দেশের ঘরোয়া ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আনবে এবং খেলোয়াড়দের সুযোগ আরও বাড়াবে।
নান্নু বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের অনেক কিছুতে পরিবর্তন আসবে। খেলোয়াড়দের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি মালিকদের সম্পৃক্ততাও বাড়বে।
দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এতে জেলার খেলোয়াড়রা আরও উৎসাহিত হবে। তরুণ ক্রিকেটাররাও অনুপ্রাণিত হবে এবং এই প্রতিযোগিতা থেকে তারা যথেষ্ট উপকৃত হবে।
তবে ‘বাংলাদেশ ফার্স্ট’ কবে মাঠে গড়াবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি জানাতে পারেননি নান্নু। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ শিগগিরই টুর্নামেন্টের বিস্তারিত তথ্য জানাবে বলে জানান তিনি।
নতুন এই প্রতিযোগিতাটি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের আদলে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান নান্নু। তার ভাষ্য, কাউন্টি দলগুলো যেভাবে পরিচালিত ও মালিকানাধীন হয়, অনেকটা সেই কাঠামো অনুসরণ করেই ‘বাংলাদেশ ফার্স্ট’ আয়োজনের চিন্তাভাবনা চলছে।
তিনি মনে করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে খেলোয়াড়দের পাশাপাশি আঞ্চলিক ক্রিকেট অবকাঠামোও উপকৃত হবে। একই সঙ্গে টুর্নামেন্টে যুক্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর দায়িত্বও বাড়বে।







