প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৯:২৬
কান ধরে উঠবস, কেন এই পদক্ষেপ সোনাক্ষীর?

তরুণদের অদম্য আন্দোলন আর অটল জেদের কাছে নতিস্বীকার করেছে ক্ষমতার রাজনীতি! বিতর্কিত নিট পরীক্ষা কেলেঙ্কারির জেরে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর ‘জেন জি’ বা বর্তমান যুবপ্রজন্মের এই ঐতিহাসিক জয়ে উল্লাসে ফেটে পড়েছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। তরুণদের এমন অবিশ্বাস্য সাফল্যে নিজের ভুল বুঝতে পেরে ক্যামেরার সামনেই কান ধরে উঠবস করেছেন এই অভিনেত্রী!
নিট প্রশ্নফাঁস কাণ্ডের শুরু থেকেই তরুণদের অধিকার আদায়ের লড়াইয়ে পাশে ছিলেন শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী সিনহা। আন্দোলনকারীদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দীর্ঘ টানাপোড়েন ও আলোচনার পর শনিবার প্রধানমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী। আর তাতেই উল্লাসে ভেসে যান আন্দোলনকারীরা।
তবে তরুণদের এই বিজয়ে সোনাক্ষীর প্রতিক্রিয়াই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুঙ্গে। এক ভিডিও বার্তায় আবেগে ভেসে তিনি স্বীকার করেন, এতদিন নতুন প্রজন্ম সম্পর্কে তার ধারণা ভুল ছিল। অতীত ভাবনার প্রায়শ্চিত্ত করতেই ক্যামেরা অন রেখে সবার সামনে দু-তিনবার কান ধরে উঠবস করেন এই অভিনেত্রী।
বর্তমান প্রজন্মের উদ্দেশে স্যালুট জানিয়ে সোনাক্ষী বলেন, ‘তোমরা আজ কী করে দেখালে সেটা হয়তো তোমরাই জানো না। আমি একজন শিল্পী, কিন্তু প্রকৃত শিল্প তো জেন জি। জানো, আমি এতদিন তরুণ প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিতাম না।’
তার কথায়, ‘ভাবতাম, এরা যা খুশি তাই করে। একটু পরেই ক্লান্ত হয়ে যায়। এদের দ্বারা কিছুই হবে না। কিন্তু আমার সেই ধারণা ভেঙে দেওয়ার জন্য আজ আমি তোমাদের স্যালুট জানাই। আমি তোমাদের মতো হতে চাই। আমার তো এখন জেন জি হতে ইচ্ছে করছে। আজ যা করে দেখিয়েছ, সেটা সত্যিই অবিশ্বাস্য।’
উল্লেখ্য, আন্দোলনকারী প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’র প্রায় সব দাবিই মেনে নিয়েছিল ভারত সরকার। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে আলোচনার জন্য কিছু সময় চাওয়া হয়েছিল। অবশেষে আন্দোলনকারীদের অদম্য চাপের মুখেই পদ ছাড়তে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী। আর নতুন প্রজন্মের এই ঐতিহাসিক জয়কে সম্মান জানাতেই নিজেকে সংশোধন করে রাজকীয় কায়দায় কুর্নিশ জানালেন সোনাক্ষী সিনহা।







