প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০২:৪৬
মালাইকার হাতে জ্যান্ত সাপ, ব্যাপার কী?

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন মালাইকা চৌধুরী বড় বোনের দেখানো পথেই দারুণ গতিতে হাঁটছেন। মডেলিং দিয়ে শোবিজে আত্মপ্রকাশের পর বেশ কয়েকটি নাটকে অভিনয় করে ইতোমধ্যে নজর কেড়েছেন এই সম্ভাবনাময়ী অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে বেশ সরব মালাইকা প্রায়ই অনুরাগী ও নেটিজেনদের সঙ্গে নিজের কাজের বিভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন। এবার শুটিং ফ্লোরের এক রোমাঞ্চকর ও ভীতিপ্রদ দৃশ্যের ভিডিও প্রকাশ করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন।
শুক্রবার দুপুরে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘আমার রাজ্যে তুমি’। মাসরিকুল আলমের পরিচালনায় এই নাটকে মালাইকার সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব; সঙ্গে ছিলেন কেয়া পায়েল।
নাটকটি মুক্তির পর সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি প্রকাশ করেন মালাইকা। তা থেকে বোঝা যায়, ঘটনাটি ‘আমার রাজ্যে তুমি’-এর শুটিং সেটেই ঘটেছিল।
ভিডিওতে দেখা যায়, আউটডোরে এক বিশালাকার গাছের নিচে শুটিং ফ্লোরে খালি হাতে একটি জীবন্ত সাপ ধরে আছেন মালাইকা। সাপের ভয়ে যেখানে সাধারণ মানুষের বুক কেঁপে ওঠে, সেখানে সাহসিকতার সঙ্গে হাসিমুখে সাপটি তুলে ধরেন তিনি। এরপর হাত থেকে ছেড়ে দেন।
সেই দৃশ্য দেখে নেটিজেনদেরও চক্ষু চড়কগাছ অবস্থা! ভিডিওটির ক্যাপশনে মালাইকা লিখেছেন, ‘জীবনে প্রথমবারের মতো সাপ ধরেছি।’ এর পাশাপাশি তিনি নিজের নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ দেখার আহ্বানও জানান দর্শকদের।
শুটিং সেটে সাপ ধরা প্রসঙ্গে কথা হয় মালাইকা চৌধুরীর সঙ্গে। বললেন, মাসরিকুল ভাই সাপ ধরতে বলেছেন, আর আমি পারব বলেছি। তবে সাপটি দেখার পর একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম—পারব তো? ধরব নাকি ছুড়ে ফেলে দেব! পরে ভাবলাম, আচ্ছা ধরি সমস্যা নেই, প্রথমে অতটা ভয়ও লাগছিল না। কিন্তু হঠাৎ সাপটা যখন আমার দিকে ওপরে উঠে আসছিল, ওটা দেখেই আমি চিৎকার করে উঠি।
এদিকে নাটকটি মুক্তি পাওয়ার পরপরই আলাদাভাবে নজর কেড়েছেন মালাইকা, দর্শকরাও তার অভিনয়ের বেশ প্রশংসা করছেন। এ প্রসঙ্গে অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, দর্শকদের ভালোবাসা পাওয়াটা আমার কাছে বড় পাওয়া। নিজের কোনো কাজ নিয়ে যখন পোস্ট করি, তখন কমেন্ট চেক করার জন্য খুব আগ্রহী থাকি। ভক্তরা নতুন কাজ নিয়ে অনেক কৌতূহলী হয়ে থাকেন—নাটকটি কখন আসবে, কখন রিলিজ হবে! এত ভালোবাসা পাওয়াটা সত্যিই আমার অনেক বড় অর্জন। সামনেও যেন তাদের ভালোবাসা এভাবে পেয়ে যেতে পারি, সেই চেষ্টাই থাকবে।
নতুন কাজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মালাইকা এর আগে জানিয়েছিলেন, নাটকে তার চরিত্রের নাম ‘সাদিয়া জাহান বৃষ্টি’। এটি গতানুগতিক কোনো প্রেমের গল্প নয়, গল্পের মধ্যে বেশ আবেগ ও গভীরতা আছে, যা অন্যসব রোমান্টিক গল্প থেকে আলাদা। দর্শকরা চরিত্রগুলোর সঙ্গে সহজেই মিশে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন।







