প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:৫৪
ঢাকায় ফের হতে যাচ্ছে সেলিনা মনিরের ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস, শুরু ৪ সেপ্টেম্বর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক সেলিনা মনির আবারও বাংলাদেশে আসছেন। দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের আন্তর্জাতিক মানে দক্ষ করে তুলতে ঢাকায় আয়োজন করা হচ্ছে পাঁচ দিনব্যাপী বিশেষ ‘ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস ও হাতে-কলমে কর্মশালা’। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে এর আগে সেলিনা মনির এক হাজারেরও বেশি নারীকে পেশাদার মেকআপের প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের অনেক নারী সফল ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। অনেকে নিজস্ব ব্রাইডাল ও বিউটি স্টুডিও গড়ে তুলে আর্থিকভাবে স্বাবলম্বীও হয়েছেন।
সেলিনা মনিরের মতে, আধুনিক ব্রাইডাল মেকআপ শেখানোর পাশাপাশি নারীদের পেশাগতভাবে সফল করে তোলাই তাঁর মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা যাতে ভবিষ্যতে বিউটি ইন্ডাস্ট্রিতে স্থায়ী ও সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারেন, সে লক্ষ্যেই কর্মশালার পুরো আয়োজন সাজানো হয়েছে।
পাঁচ দিনব্যাপী নিবিড় এই কর্মশালায় অংশগ্রহণকারীরা সরাসরি শেখার সুযোগ পাবেন আন্তর্জাতিক মানের ব্রাইডাল মেকআপ ও আধুনিক ট্রেন্ড, ত্বকের প্রস্তুতি ও পেশাদার মেকআপ কিট ব্যবস্থাপনা, ক্লায়েন্ট পরামর্শ এবং বিউটি ব্যবসা পরিচালনার কৌশল। পাশাপাশি বিশেষ ফটোশুট ও অংশীদারত্বের সুযোগও থাকছে।
বাংলাদেশ সফর উপলক্ষে জনপ্রিয় মডেল বারিশা হকের সঙ্গে একটি বিশেষ ফটো ও ভিডিও প্রচারণায় অংশ নিচ্ছেন সেলিনা মনির। এটি শিগগিরই প্রকাশ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবারের কর্মশালায় প্রধান পোশাক অংশীদার হিসেবে ব্রাইডাল পোশাক সরবরাহ করবে এলেনি এবং আনুষ্ঠানিক প্রসাধনী অংশীদার হিসেবে আন্তর্জাতিক প্রসাধনী সরবরাহ করবে দ্য বিউটি মল।
আয়োজকদের আশা, সেলিনা মনিরের দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ পদ্ধতির সমন্বয়ে আয়োজিত এই কর্মশালা বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভা তৈরি এবং নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







