প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১২:১৪
অভিনেত্রী রিধিকার মৃত্যুর রহস্যে প্রেমিক গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানা এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শনিবার রিধির মা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলাটি করেন। মামলায় হাসিবুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। ওই সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পরে রিধিকার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, রিধিকা আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।







