প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০১:৩৩
ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ছে নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবগুলোর একটি ভেনিস চলচ্চিত্র উৎসবের পর কানাডার টরন্টো চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে সিনেমাটি। এবার যুক্ত হলো যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের উৎসব।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য মোট ১০টি সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে রয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এর আগে ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়ে আলোচনায় আসে সিনেমাটি। দুই উৎসবেই প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে জায়গা করে নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এবার লন্ডন উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে এটি।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক ভৌতিক সিনেমা। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এর গল্প। কথিত আছে, একসময় ওই পার্লারে এক কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন।
সিনেমার গল্পে এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পার্লারে আসে। সেখানে যাওয়ার পর একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয় সে। রহস্য, মনস্তত্ত্ব ও অতিপ্রাকৃত উপাদানের মধ্য দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় সিনেমার গল্প।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হচ্ছে। এছাড়া অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।
আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নির্বাচিত হওয়া বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে বড় অর্জন। এখন লন্ডন উৎসবের প্রতিযোগিতায় সিনেমাটি কেমন সাড়া ফেলে এবং সেরা চলচ্চিত্রের পুরস্কার জিততে পারে কি না, সেদিকেই তাকিয়ে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীরা।







