রবিবার, ৩০ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২৩:৩১

আমেরিকায় ফোবানার সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান

আমেরিকায় ফোবানার সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বসবাস করলেও অভিনয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। এবার যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে অনুষ্ঠিত হতে যাওয়া বাঙালিদের অন্যতম বড় আয়োজন ‘ফোবানা সম্মেলন’-এর ৪০তম আসরে পারফর্ম করবেন তিনি।

আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের সাংস্কৃতিক আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জায়েদ খান। নাচ-গানের পরিবেশনায় প্রবাসী বাঙালিদের মাতাবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে জায়েদ খান বলেন, যুক্তরাষ্ট্রে এসেও তিনি নিজের পরিচয় হারিয়ে যেতে দেননি। সাংস্কৃতিক কর্মকাণ্ডেই যুক্ত রয়েছেন এবং দেশের চেয়েও বেশি মনোযোগ দিয়ে কাজ করছেন।

জায়েদ খান বলেন, ‘এবার প্রথমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে ফোবানার সম্মেলনে পারফর্ম করব। এত বড় আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এজন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি, বাঙালিদের সঙ্গে দারুণ এক অভিজ্ঞতা হবে।’

জানা গেছে, এবারের ফোবানা সম্মেলন অরল্যান্ডোর হোলিডে ইন রিসোর্ট কিসিমিতে অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অংশ নেবেন।

এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল বাঙালি এবং আরও বেশ কয়েকজন তারকা সম্মেলনের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। ফলে এবারের ফোবানা সম্মেলনে প্রবাসী বাঙালিদের জন্য সাংস্কৃতিক আয়োজন বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকেরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়