প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৪:১৭
শাকিব খান নয়, ব্যবসায়ীকে বিয়ে করেছেন মিষ্টি জান্নাত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তবে মিষ্টি জান্নাতের স্বামী কে—এ বিষয়ে বিস্তারিত পরিচয় প্রকাশ করতে রাজি হননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী এবং মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে।
বিয়ের সময়, স্থান ও স্বামীর নাম জানতে চাইলে মিষ্টি বলেন, এসব তথ্য এখনই প্রকাশ করতে চান না। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।
মিষ্টি জানান, এটি পারিবারিকভাবে ঠিক করা বিয়ে নয়, প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং ঠিক কবে বিয়ে হয়েছে, সে তথ্যও আপাতত গোপন রাখতে চান তিনি। তার ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করলে কোনো ‘সাসপেন্স’ থাকবে না।
অভিনেত্রী আরও জানান, তাদের বিয়ে হুট করে হয়নি। অনেক আগেই তারা বিয়ে করেছেন। তবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি। প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের প্রস্তাব এবং বিরক্তিকর ফোন পাওয়ার কারণেই শেষ পর্যন্ত বিয়ের বিষয়টি প্রকাশ করেছেন বলে জানান তিনি।
স্বামীকে ভবিষ্যতে সবার সামনে আনবেন কি না—এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, তাকে আড়ালে রাখবেন না। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন। এ নিয়ে ভবিষ্যতে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও মজা করে বলেন তিনি।
এদিকে বিভিন্ন সময়ে শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের সম্পর্ক ও বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি শাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার আলোচনাও হয়েছিল। তবে মিষ্টি জান্নাত স্পষ্ট করে জানিয়েছেন, শাকিব খানের স্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নেই।
হানিমুনের বিষয়ে জানতে চাইলে এ নিয়েও কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। মিষ্টি জানান, বিয়ে হলেও এখনো পুরোপুরি বিবাহিত জীবন শুরু করেননি। বর্তমানে তিনি নিজের মতো করেই আছেন। ভবিষ্যতে সুন্দরভাবে সংসার করতে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি মিষ্টি জান্নাত পেশায় একজন ডেন্টিস্ট। নিজের ডেন্টাল ক্লিনিক পরিচালনার পাশাপাশি রোগীও দেখেন তিনি। ব্যবসায়িক কাজেও ব্যস্ত থাকেন। অভিনয়ে নিয়মিত না হলেও বেছে বেছে নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করছেন এই অভিনেত্রী।







