প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৬
একবারের জন্যও বলিনি, অভিনয় করে পাপ করেছি: পপি

চলচ্চিত্রে অভিনয় করাকে ‘পাপ’ বলেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য ছড়িয়ে পড়ার পর বিতর্কের মুখে পড়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে এ ধরনের মন্তব্য করার কথা সরাসরি অস্বীকার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
পপি গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি নিজের ভুল বা ভুলত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারে না?’
তিনি বলেন, মানুষ জেনে-না জেনে অনেক ভুল করে। সেসব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অন্যায় নয়। নিজের জীবনের কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারলে সেটি নিয়ে বিতর্ক তৈরির কোনো কারণ দেখেন না তিনি।
অভিনেত্রীর ভাষ্য, চলচ্চিত্রই তাকে পরিচিতি, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে। দীর্ঘদিন এই মাধ্যমে পরিশ্রম করে উপার্জনের পাশাপাশি দর্শকের ভালোবাসাও পেয়েছেন তিনি। তাই চলচ্চিত্রকে ছোট করার প্রশ্নই আসে না।
পপি বলেন, ‘যে শিল্প আমাকে আজ এই যশ, খ্যাতি আর সম্মান এনে দিয়েছে, যে মাধ্যমে হাড়ভাঙা খাটুনি দিয়ে রোজগার করেছি এবং দর্শকের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, সেই চলচ্চিত্রকে ছোট করার প্রশ্নই আসে না। সিনেমাকে আমি আজও মন থেকে ভালোবাসি ও শ্রদ্ধা করি।’
তিনি আরও জানান, পছন্দের গল্প পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। বিশেষ করে নিজের জীবন ও বায়োগ্রাফি নিয়ে নির্মিত কোনো সিনেমায় অভিনয়ের আগ্রহ রয়েছে তার।
অভিনয়ে নিয়মিত ফিরবেন কি না, তা নিশ্চিত না হলেও প্রযোজক হিসেবে ফের পর্দার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন পপি।







