প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬
দুই বছর পর মঞ্চে ফিরছে ‘অ্যানা ফ্রাঙ্ক’

দুই বছর পর আবারও মঞ্চে ফিরছে নাট্যদল ম্যাড থেটারের আলোচিত নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে প্রদর্শনী।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘ভারত রঙ মহোৎসব’-এ সর্বশেষ মঞ্চস্থ হয়েছিল নাটকটি। এরপর আর প্রদর্শনী হয়নি। একক অভিনয়ের এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন আর্য মেঘদূত।
বর্তমানে স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে পড়াশোনা করছেন আর্য মেঘদূত। ২০২৪ সালে উচ্চশিক্ষার জন্য দেশ ছাড়ার পর নাটকটির মঞ্চায়ন বন্ধ হয়ে যায়। সম্প্রতি দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে ছুটিতে দেশে ফিরেছেন তিনি। এ সুযোগেই আবারও নাটকটির দুটি প্রদর্শনীতে অভিনয় করবেন।
‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২১ সালের অক্টোবরে। তখন আর্য মেঘদূত ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী। কনিষ্ঠ একক অভিনেত্রী হিসেবে নাটকটিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এখন পর্যন্ত নাটকটির আটটি প্রদর্শনী হয়েছে।
নাটকটির গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। হিটলারের বাহিনী হল্যান্ড দখল করার পর প্রাণ বাঁচাতে ফ্রাঙ্ক পরিবার আত্মগোপনে যায়। ১৯৪২ সালের ৬ জুলাই তারা একটি গোপন আশ্রয়স্থল ‘সিক্রেট অ্যানেক্সে’ আশ্রয় নেয়। সেখানে ফ্রাঙ্ক পরিবারের সঙ্গে আরও দুটি পরিবার ও একজন চিকিৎসক মিলিয়ে মোট আটজন অবস্থান করেন।
সীমিত জায়গায় বন্দিজীবনের মধ্যে অ্যানা ফ্রাঙ্ক নিজের অনুভূতি ও অভিজ্ঞতা লিখে রাখে ডায়েরিতে। একসময় সেই ডায়েরিই হয়ে ওঠে তার সবচেয়ে কাছের সঙ্গী। ঐতিহাসিক এই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটকটি।







