শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫

বাংলাদেশ-কুয়েতের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করার তাগিদ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-কুয়েতের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করার তাগিদ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। এ সম্পর্কের বিকাশ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথাও স্মরণ করেন তিনি।

তারেক রহমান বলেন, তাদের সময় থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার যে ভিত্তি গড়ে উঠেছে, তা সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে এই ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশ ও কুয়েতের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়