মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬  |  

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১

সাইবার হামলায় শিকার জামায়াত আমির, আপত্তিকর পোস্ট

সাইবার হামলায় শিকার জামায়াত আমির, আপত্তিকর পোস্ট
অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দলটি। এ ঘটনায় আমীরে জামায়াতের নামে সাময়িকভাবে একটি ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশিত হয় বলে অভিযোগ করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সমন্বিত পদ্ধতিতে পরিচালিত সাইবার হামলার মাধ্যমে হামলাকারীরা অল্প সময়ের জন্য আমীরে জামায়াতের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপের মাধ্যমে দলের সাইবার টিম স্বল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং অন্যান্য প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ওই স্বল্প সময়ের মধ্যে আমীরে জামায়াতের নামে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি স্পষ্ট করে জানান, ওই পোস্ট ডা. শফিকুর রহমানের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না।

বিবৃতিতে তিনি মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মিথ্যা তথ্য প্রচার, পরিচয় জালিয়াতি এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।

এ সময় সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, ভুয়া খবর ও জাল উদ্ধৃতির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং যাচাই ছাড়া কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার না করতে। পাশাপাশি সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম ডিজিটাল নিরাপত্তা, স্বচ্ছতা এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে এ বিষয়ে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়