সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৪

জামায়াত আমিরের আইডি হ্যাক নিয়ে যা বললেন তারেক রহমান

জামায়াত আমিরের আইডি হ্যাক নিয়ে যা বললেন তারেক রহমান
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যাচার করা হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল দাবি করছে তারা ইসলামী শাসন কায়েম করতে চায়, অথচ নির্বাচনের আগে নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে। এ ধরনের বক্তব্য প্রমাণ করে, তারা শুধু নিজেদের স্বার্থ নিয়েই চিন্তা করছে।

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা দেখছি একটি দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা প্রকাশ্যে নারীদের অসম্মান করেছেন। অথচ মহানবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন কর্মমুখী নারী ও সফল ব্যবসায়ী।

তিনি আরও বলেন, সুযোগ পেলে তারা নারীদের কেমন অপমান করবে, তা একাত্তর সালেই জাতি দেখেছে। যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।

জামায়াতের দলেও নারী রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা তো ঘর থেকে বের হচ্ছেন। তাহলে তাদের পরিচয় কী? এখন নারীদেরই চিন্তা করতে হবে, এ ধরনের রাজনীতির জবাব তারা কীভাবে দেবেন।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মহল আবার বলার চেষ্টা করছে ভোট গণনায় সময় লাগবে। ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা নারীদের হেয় করছে, মিথ্যা বলছে, তারাই আবার ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং ভোটের অধিকার রক্ষায় সজাগ থাকতে হবে।

তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে চব্বিশ সালে দেশ রক্ষা করেছে ছাত্রজনতা। ১৬ বছর ধরে বিএনপি আন্দোলন করেছে, গুম-খুনের শিকার হয়েছে, মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সময় এসেছে—১২ তারিখে মানুষ তার অধিকার প্রয়োগ করবে।

তিনি বলেন, বিএনপি কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে বিশ্বাস করে। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চায় বিএনপি, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

সরকার গঠন করলে দেশ পুনর্গঠনই হবে বিএনপির প্রথম দায়িত্ব—এমন মন্তব্য করে তিনি বলেন, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করলে গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে তারা কারো মুখাপেক্ষী না হন। খুলনাকে মৃত শিল্পনগরী থেকে আবার জীবিত শিল্পনগরীতে রূপান্তর করা হবে। নারীদের কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য আইটি পার্ক এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি আরও বলেন, ধানের শীষ দেশ পুনর্গঠনের প্রতীক। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ও বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এসবই প্রমাণ করে বিএনপি জনগণের জন্য কাজ করে। ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়