প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৮:৪২
জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: জামায়াত আমির

বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১১ দলীয় ঐক্যের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপি শুধু জাতির সঙ্গেই নয়, তাদের দেওয়া নির্বাচনী দফার প্রতিশ্রুতির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর দলটি তাদের অঙ্গীকার থেকে সরে এসেছে এবং নির্বাচনকে ঘিরে “ইঞ্জিনিয়ারিংয়ের” আশ্রয় নিয়েছে।
তিনি আরও বলেন, ‘বিএনপি জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে।’
তিনি দাবি করেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বিএনপির অস্তিত্বই ছিল না এবং জুলাই শহীদদের নিয়ে কোনো ধরনের “ভাগ-বাটোয়ারা” করতে চায় না বিরোধী দল।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে ওয়াকআউটের আগে বিএনপি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, আর বিরোধী দল তার বিপরীতে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি আবারও একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং গণঅভ্যুত্থান ও জুলাই যাদুঘর ইস্যুতে রাজনীতি করছে।
এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৬ সাল থেকেই দেশে সহিংস রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছিল।
অনুষ্ঠানে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে, তবে বর্তমান বিএনপি সরকারই সেই সংস্কারের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন আন্দোলন থেকে সুবিধা নিলেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।
তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনা বিএনপি মুখে বললেও বাস্তবে তা বাস্তবায়ন করবে না।’
গণআন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথের আন্দোলনে ১১ দলীয় ঐক্যের নেতারা সামনের সারিতে থাকবেন।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।







