বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫

তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান
অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে তৃণমূলভিত্তিক রাজনীতির সূচনা করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, নেতৃত্বে থাকা ব্যক্তিদের নতুন প্রজন্মকে সঠিকভাবে পরিচালনার পাশাপাশি নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। এ জন্য পড়াশোনা ও জ্ঞানচর্চার অভ্যাস ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মঈন খান। জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে মঈন খান বলেন, শৃঙ্খলা, সততা ও জনগণের সেবা—এই তিনটি গুণের ধারক ও বাহক ছিলেন তিনি। জিয়াউর রহমান সাহস করে স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, জিয়াউর রহমানের জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে মানুষের সেবা করে যেতে হবে।

মঈন খান আরও বলেন, যারা নেতৃত্ব দেবেন, তাঁদের নতুন প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করতে হবে। এ জন্য নেতৃস্থানীয় ব্যক্তিদের জ্ঞান অর্জন করতে হবে এবং পড়াশোনার চর্চা ধরে রাখতে হবে। লেখাপড়া ছাড়া কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও সংসদ সদস্য নিলুফার চৌধুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়