প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯
ভারতে আওয়ামী লীগের দাফন হয়েছে, এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। আওয়ামী লীগকে নিয়ে আর ভাবার কিছু নেই, এই অধ্যায় এখানেই শেষ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোলায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপির কর্মকাণ্ড নিয়ে এনসিপির কঠোর আলোচনা ও সমালোচনা থাকবে। দলটি চাঁদাবাজি বা জমি দখলের মতো কর্মকাণ্ডে জড়ালে সেটিও প্রকাশ্যে বলা হবে। তবে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা হবে না।
তিনি বলেন, বিএনপির গত ছয় মাসের কর্মকাণ্ডে তারা মোটেও সন্তুষ্ট নন। তাদের মনে হচ্ছে, বিএনপি ধীরে ধীরে রাজনৈতিক অবস্থান থেকে লাইনচ্যুত হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করছে।
সারজিস আলমের অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে বিএনপি দলীয়করণ ও স্বজনপ্রীতি করছে। চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এটি বিএনপির পুরোনো কৌশল এবং দলটিকে এই অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ‘তারা যদি এই জায়গা থেকে বেরিয়ে না আসে, তাহলে আমরা রাজপথে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালন করব।’
গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, ‘তারা গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, তাহলে পাঁচ বছর তাদের ক্ষমতায় টিকিয়ে রাখা সম্ভব হবে না।’
এর আগে সাংগঠনিক সমন্বয় সভায় দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন সারজিস আলম। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলা, থানা ও ইউনিয়নে কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সালমান ও রায়হানুল ইসলাম, ভোলা জেলা সভাপতি মাকসুদুর রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।







