মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৫

সংবিধান সংস্কার পরিষদের সদস‍্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা

সংবিধান সংস্কার পরিষদের সদস‍্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা
অনলাইন ডেস্ক

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপাতত শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা আজ শপথ নেন। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য—দুই পরিচয়েই শপথ পড়ানোর কথা ছিল। তবে বিএনপি জানিয়েছে, তারা আপাতত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না।

জানা যায়, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪২ মিনিটে থেকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। তবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ হিসেবে বিএনপির এমপিরা শপথ নেননি।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি ও স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পেয়েছে।

ভোটের হিসাবে ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ। শাপলা কলি প্রতীকে এনসিপি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন ২ দশমিক ৭০ শতাংশ এবং রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ ভোট। অন্য দলগুলোর ভোটের হার এক শতাংশের নিচে।

এ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। সর্বোচ্চ ২৯১টি আসনে প্রার্থী দেয় বিএনপি এবং তাদের কেউ জামানত হারাননি। জামায়াতে ইসলামী ২২৯টি আসনে প্রার্থী দিয়ে তিনজনের জামানত হারায়। সাবেক বিরোধী দল জাতীয় পার্টি ১৯৮টি আসনে প্রার্থী দিলেও মাত্র পাঁচজন জামানত রক্ষা করতে পেরেছেন। এনসিপি ৩২টি আসনে লড়ে তিনজন জামানত হারায়। ইসলামী আন্দোলন, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্যসহ অধিকাংশ ছোট দলের বেশিরভাগ প্রার্থীই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়