প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৯:০৮
হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আইডিএফের অভিযানকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে ‘বড় বাধা’ বলেও উল্লেখ করেছেন তিনি।
ট্রাম্প অবশ্য বলেছেন যে তিনি হিজবুল্লাকে দমনের পক্ষপাতী, তবে এক্ষেত্রে ইসরায়েলের পরিবর্তে সিরিয়াকে অধিকতর যোগ্য বলে মনে করেন তিনি।
শিল্পোন্নত সাত দেশের জোট জি৭ সামিটের সম্মেলন উপলক্ষে বর্তমানে প্যারিসে আছেন ট্রাম্প। গতকাল মঙ্গলবার সম্মেলনের অবসরে ফক্স নিউকে সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, “ইসরায়েল অনেক দিন ধরে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ করছে এবং এ যুদ্ধে ইতোমধ্যে বহু সংখ্যক মানুষ নিহত হয়েছেন। মনে করুন, আপনি কাউকে খুঁজছেন; সেজন্য প্রত্যেকবার অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে তো হামলার প্রয়োজন নেই। বহু মানুষ সেসব অ্যাপার্টমেন্ট ভবনে বসবাস করে এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে তারা হিজবুল্লা নয়।”
“হিজবুল্লা-লেবানন ইস্যু ইসরায়েল যেভাবে সামলাচ্ছে, তাতে আমি খুশি নই। এটা অনেক আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা (ইসরায়েল) এমনভাবে এগোচ্ছে, যেন অনন্ত সময় তাদের সামনে পড়ে আছে। তাছাড়া তাদের অভিযান ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।”
গত ১৪ জুন ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। তার কিছুক্ষণ আগেই লেবাননে হামলা চালিয়েছিল আইডিএফ। ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, সে সময় ইসরায়েলের প্রতি খুবই বিরক্তি বোধ করেছিলেন তিনি।
“আমাদের চুক্তি স্বাক্ষরের মাত্র দু’ঘণ্টা আগে বৈরুতে যে হামলা হয়েছিল, সেটি আমার ভাল লাগেনি।”
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, হিজবুল্লাকে দমন করার কাজটি ইসরায়েলের চেয়ে সিরিয়া অনেক দক্ষভাবে করতে পারবে বলে বিশ্বাস করেন তিনি।
“আমার মতে ইসরায়েলের এখন উচিত হবে হিজবুল্লাকে সিরিয়ার দায়িত্বে ছেড়ে দেওয়া। কারণ সত্যি কথা বলতে, তারা অনেক ভালোভাবে এ কাজটি করতে পারবে।”
সূত্র : ফক্স নিউজ, টাইমস অব ইসরায়েল







