প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:৩৩
জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল বোর্ড

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। ফলাফলের শিট থেকে এসব তথ্য জানা গেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৯২০ জন এবং ছাত্রী ১৮ হাজার ৩৩৩ জন।
জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। এরপর দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৩ হাজার ৬৩৯ জন, যশোর শিক্ষা বোর্ডে ১১ হাজার ৪৭৮ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৯ হাজার ৮১৪ জন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯ হাজার ৩৯৮ জন জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫ হাজার ৭০০ জন এবং সিলেট শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৩৬ জন জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে বরিশাল শিক্ষা বোর্ডে সবচেয়ে কম ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ১ হাজার ১৯৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৮৫ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯৫১ জন।
সব শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।







