সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৫

পাকিস্তানের ম্যাচ বয়কট, ১৫ ফেব্রুয়ারি ভারত কী করবে

পাকিস্তানের ম্যাচ বয়কট, ১৫ ফেব্রুয়ারি ভারত কী করবে
অনলাইন ডেস্ক

টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে আজই শ্রীলঙ্কায় রওনা হওয়ার কথা পাকিস্তান দলের। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৭ ফেব্রুয়ারি নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে। তবে খেলবে না ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারতের বিপক্ষে ম্যাচটি। গতকাল রোববার রাতে পাকিস্তান সরকারের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায়। যে কারণে ভারতের বিপক্ষে না খেলা মানে সেদিন মাঠে যাবে না দলটি। কিন্তু ভারতের গ্রুপ পর্বের একটি বাদে বাকি সব ম্যাচ নিজেদের দেশে। শুধু পাকিস্তানের বিপক্ষে খেলার জন্যই শ্রীলঙ্কার যাওয়ার কথা তাদের। এখন পাকিস্তান ম্যাচটি খেলবে না জানিয়ে দেওয়ার পর ভারত কী করবে?

বার্তা সংস্থা এএনআই প্রশ্নটি করেছিল বিসিসিআইয়ের এক কর্মকর্তাকে। নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা বলেছেন, ভারত তাদের নির্ধারিত সূচি মেনেই সবকিছু করবে, ‘ভারত ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সব প্রটোকল মেনে চলবে।’ টুর্নামেন্টে অনুশীলন ও সংবাদ সম্মেলনের যে রীতি, সেটিও অনুসরণ করা হবে বলে জানান তিনি, ‘(ভারত) নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করবে, সংবাদ সম্মেলন করবে এবং সময়মতো স্টেডিয়ামে পৌঁছাবে। এরপর ম্যাচ রেফারি কর্তৃক খেলাটি বাতিল ঘোষণার জন্য অপেক্ষা করবে।’

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ‘এ’ গ্রুপে আছে। একই গ্রুপের অন্য দলগুলো হচ্ছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। দল তিনটিকে ভারতের বিপক্ষে খেলার জন্য ভারতে এবং পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য শ্রীলঙ্কায় যাওয়া-আসা করা লাগবে। ভারতের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইয়ে। ১২ ফেব্রুয়ারিতে দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে খেলে পাকিস্তান ম্যাচের জন্য তাদের শ্রীলঙ্কায় যাওয়ার কথা।

পাকিস্তান সরকার ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের পেছনে আনুষ্ঠানিক কোনো কারণ না জানালেও পিসিবি দুই সপ্তাহ ধরে আইসিসির দ্বিমুখী আচরণের সমালোচনা করে আসছে। গত বছর ভারত নিরাপত্তাশঙ্কার কথা বলার পর আইসিসি সেটা আমলে নিলেও এবার বাংলাদেশের ক্ষেত্রে তা না করায় নিয়ন্ত্রক সংস্থাটির ‘নীতিগত অবস্থান’ নিয়ে প্রশ্ন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়