প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯
ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জয়ের পথে নেতৃত্ব দিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
ম্যাচের শুরুতে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬৪ রান। জবাবে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা।
এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট হলো ব্রুক বাহিনীর। অন্যদিকে দুই ম্যাচ শেষে পাকিস্তানের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ৩—যা দিয়ে ইংল্যান্ডকে টপকানো সম্ভব নয়।
একই গ্রুপে থাকা নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার পক্ষেও ইংল্যান্ডকে পেছনে ফেলা কঠিন। নিউজিল্যান্ডের পয়েন্ট ১, শ্রীলঙ্কার শূন্য। দুই দল একে অপরের বিপক্ষে খেলবে। সে ম্যাচে যে দলই জিতুক, ইংল্যান্ডকে টপকানো সম্ভব হবে না। ড্র হলেও কিউইদের পয়েন্ট হবে ২, লঙ্কানদের ১। শেষ ম্যাচ জিতলেও নিউজিল্যান্ড সর্বোচ্চ ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে, আর শ্রীলঙ্কা পাবে সর্বোচ্চ ৩ পয়েন্ট।
ব্রুকের একক লড়াই
লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি ইংল্যান্ড। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারায় তারা। ফিল সল্ট শূন্য, জস বাটলার ৩ ও জ্যাকব বেথেল ৮ রান করে ফেরেন। সুবিধা করতে পারেননি টম ব্যাটনটনও; আউট হওয়ার আগে করেন ২ রান।
চাপের মুখে হাল ধরেন ব্রুক। তাকে সঙ্গ দেন স্যাম কারান ও উই জ্যাকস। ১৬ রান করে কারান বিদায় নিলেও ব্রুক ছিলেন অটল। মাত্র ৫০ বলে তুলে নেন ঝলমলে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০০ রান করে আউট হন তিনি, তবে ততক্ষণে জয় প্রায় নিশ্চিত।
উই জ্যাকস করেন ২৮ রান। এছাড়া জেমি ওভারটন শূন্য, লিয়াম ডসন ১ ও জোফরা আর্চার ৫ রান যোগ করেন।
পাকিস্তানের ইনিংস
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তবে শুরুটা ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারে সাইম আইয়ুব ৭ রানে আউট হন। অধিনায়ক সালমান ফেরেন ৫ রানে।
তৃতীয় উইকেটে চাপ সামলান সাহিবজাদা ফারহান ও বাবর আজম। ২৪ বলে ২৫ রান করে বাবর বিদায় নেন। ফারহান করেন ৪৫ বলে ৬৩ রান, ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা।
শেষদিকে ফখর জামান ১৬ বলে ২৫ ও শাদাব খান ২৩ রান যোগ করেন। এছাড়া উসমান খান ৮, মোহাম্মদ নেওয়াজ শূন্য, শাহিন আফ্রিদি ২ ও সালমান মির্জা ২ রান করেন।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন লিয়াম ডসন। দুটি করে উইকেট পান জোফরা আর্চার ও জেমি ওভারটন।







