সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৮

বিশ্বকাপ-এশিয়া কাপের বাইরেও দেখা যেতে পারে ভারত-পাকিস্তান লড়াই

বিশ্বকাপ-এশিয়া কাপের বাইরেও দেখা যেতে পারে ভারত-পাকিস্তান লড়াই
অনলাইন ডেস্ক

বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির বাইরেও ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই দেখা যেতে পারে। এমন সম্ভাবনা নিয়ে ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তিন বা চার দেশকে নিয়ে নতুন একটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, যেখানে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে।

আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির একটি বৈঠকে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনা হওয়ার কথা। ওই বৈঠকে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনাও আলোচনায় আসতে পারে।

১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত নিয়মিত ত্রিদেশীয় প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তবে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে।

২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারত ও পাকিস্তান আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এরপর এশিয়া কাপ, বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির মতো বহুদলীয় টুর্নামেন্টেই মূলত দুই দলের দেখা হয়েছে।

আইসিসির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হলেও ভারত এতে সম্মতি দেবে কি না, সেটিই বড় প্রশ্ন। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটীয় সম্পর্কের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশটির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে।

তাই ত্রিদেশীয় বা চতুর্দেশীয় প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দল খেলবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে আইসিসির আসন্ন বৈঠকে বিষয়টি আলোচনায় এলে দীর্ঘদিন পর বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির বাইরেও ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সম্ভাবনা তৈরি হতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়