মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪

আর্জেন্টিনার জার্সিতে না খেলেও বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আর্জেন্টিনার জার্সিতে না খেলেও বিশ্বকাপজয়ী গোলরক্ষক
অনলাইন ডেস্ক

বিশ্বকাপ জিতেছেন, গলায় উঠেছে চ্যাম্পিয়নের পদক—কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে কখনোই মাঠে নামা হয়নি তাঁর। অবিশ্বাস্য হলেও এমনই এক কীর্তির মালিক সাবেক গোলরক্ষক হেক্টর জেলাদা।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে আর্জেন্টিনা দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে স্কোয়াডে ছিলেন জেলাদা। তবে পুরো টুর্নামেন্টে একটি মিনিটও খেলার সুযোগ পাননি তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে বা পরেও আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি।

জেলাদার ফুটবলে হাতেখড়ি আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালে। ১৯৭৯ সালে দেশ ছেড়ে মেক্সিকোয় পাড়ি জমান তিনি। সেখানে ক্লাব আমেরিকার হয়ে খেলতে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন মেক্সিকান ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে। ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে টানা তিনবার মেক্সিকোর সেরা গোলরক্ষক নির্বাচিত হন তিনি।

তবু আর্জেন্টিনার জাতীয় দলে তাঁর জায়গা হচ্ছিল না। এর মধ্যেই ১৯৮৬ বিশ্বকাপের দল ঘোষণা করেন কোচ কার্লোস বিলার্দো। কোনো প্রীতি ম্যাচে তাঁকে পরীক্ষা না করেই তৃতীয় গোলরক্ষক হিসেবে জেলাদাকে দলে রাখেন তিনি। মূল গোলরক্ষক ছিলেন নেরি পুম্পিদো এবং বিকল্প হিসেবে ছিলেন লুইস ইসলাস।

জেলাদার বিশ্বকাপ দলে থাকার পেছনে মেক্সিকোর ক্লাব আমেরিকারও ভূমিকা ছিল। ১৯৮৬ বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দল মেক্সিকোর এই ক্লাবের অনুশীলনকেন্দ্রেই ঘাঁটি গেড়েছিল। ফলে স্থানীয় পরিবেশ ও দলের সঙ্গে জেলাদার পরিচিতিও কাজে এসেছিল।

তবে জেলাদার গল্পের সবচেয়ে চমকপ্রদ অধ্যায় আসে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে। ২২ জুন ১৯৮৬, আজতেকা স্টেডিয়ামে ম্যাচটির জন্য আর্জেন্টিনার হঠাৎ নীল জার্সির প্রয়োজন হয়। জেলাদার স্পোর্টসওয়্যার ব্যবসা ও ফরাসি ক্রীড়া প্রতিষ্ঠান ‘লে কক স্পোর্তিফ’-এর সঙ্গে যোগাযোগ থাকায় দ্রুত সেই জার্সির ব্যবস্থা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

সেই নীল জার্সি গায়েই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন দিয়েগো ম্যারাডোনা। ম্যাচে তাঁর ‘হ্যান্ড অব গড’ এবং পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে পরিচিত গোল দুটি ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে।

অর্থাৎ যে জার্সি পরে ম্যারাডোনা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম স্মরণীয় দুই গোল করেছিলেন, সেটি মাঠে পৌঁছানোর পেছনেও ছিলেন জেলাদা—যিনি নিজেই কখনো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি।

বিশ্বকাপের আগে মেক্সিকোও জেলাদাকে জাতীয় দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তাঁকে মেক্সিকোর নাগরিকত্ব নিয়ে দেশটির জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক যুব পর্যায়ে আর্জেন্টিনার হয়ে খেলে ফেলায় সেই সুযোগ আর হয়নি।

শেষ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতলেও জেলাদার সিনিয়র জাতীয় দলের ম্যাচসংখ্যা রয়ে গেছে শূন্য। বিশ্বকাপজয়ী হয়েও জাতীয় দলের জার্সিতে এক মিনিটও না খেলার এমন ঘটনা ফুটবল ইতিহাসে সত্যিই বিরল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়