প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:৩৩
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ-গুলিবর্ষণ, নিহত ২

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শরীয়তপুরের জাজিরা এলাকার ইব্রাহিম সিপাই এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীর কান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজাম মৃধা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। দুই পক্ষের মধ্যে বাধা দেওয়া ও পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলি ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রথমে ইব্রাহিম সিপাই নিহত হন। পরে গুলিবিদ্ধ নিজাম মৃধার মৃত্যুর খবর পাওয়া যায়। সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পিছু হটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে নাওডোবা গোলচত্বর এলাকার ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও পাশের একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।
সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে একদল ব্যক্তিকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা গেছে। ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছিলেন। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।







