সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:৩০

ফিলিস্তিনি সংকটের মূল কারণ দখলদারিত্ব ও ন্যায্য অধিকার অস্বীকার: জামায়াত আমির

ফিলিস্তিনি সংকটের মূল কারণ দখলদারিত্ব ও ন্যায্য অধিকার অস্বীকার: জামায়াত আমির
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি সংকটের মূল কারণ দখলদারিত্ব এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার অস্বীকার করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

বাণীতে জামায়াত আমির বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন দেশটির নিরীহ মানুষ দীর্ঘদিন ধরে দখলদারিত্ব, আগ্রাসন, হত্যা, নির্যাতন ও মানবিক বিপর্যয়ের শিকার। তাদের ওপর পরিচালিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ডের নাম নয়; এটি মুসলিম উম্মাহর ঈমান, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি পবিত্র ভূমি। পবিত্র মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মেরাজের স্মৃতিবিজড়িত এ মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

শফিকুর রহমান আরও বলেন, দীর্ঘদিনের ইসরায়েলি দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন, অবরোধ ও সামরিক আগ্রাসনে ফিলিস্তিনি জনগণের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একটি জাতিকে নিজ ভূখণ্ডে নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করার কোনো নৈতিক বা আইনগত ভিত্তি নেই।

তিনি বলেন, ফিলিস্তিনি সংকটের স্থায়ী সমাধানের জন্য জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দখলদারিত্ব ও আগ্রাসন অব্যাহত রেখে মধ্যপ্রাচ্যে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রতিবাদ জানানো হয়েছে। নির্যাতিত মানুষের পক্ষে জনমত গড়ে তুলতেও কাজ করেছে দলটি।

আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষ্যে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি), আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার আলোকে ফিলিস্তিনে দখলদারিত্ব, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পবিত্র মসজিদুল আকসার মর্যাদা ও নিরাপত্তা এবং মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদতের অধিকার নিশ্চিত করতে হবে।

বাণীর শেষাংশে মহান আল্লাহর কাছে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের জন্য রহমত ও সাহায্য কামনা করেন শফিকুর রহমান। একই সঙ্গে শহীদদের শাহাদাত কবুল, আহতদের দ্রুত সুস্থতা, বাস্তুচ্যুত মানুষের নিরাপদ আশ্রয় এবং ফিলিস্তিন ও পবিত্র মসজিদুল আকসাকে দখলদারিত্ব ও জুলুম থেকে মুক্ত করার প্রার্থনা করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়