প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:২৬
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন।
আমিরাতের প্রধানমন্ত্রী বলেন, মানবজাতির জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।
তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যতের সরকার গঠন)।
এটি একটি আন্তর্জাতিক সম্মেলন, যেখানে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হয়ে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থার উদ্ভাবনী পদ্ধতি খুঁজে দেখেন।
বার্ষিক এ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন ভাগাভাগি এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার সুযোগ পায়।
সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টির বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও চিন্তাবিদসহ সব মিলিয়ে ছয় হাজারের বেশি প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দেন।
ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে সংলাপ উৎসাহিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই অগ্রগতি এগিয়ে নিতে যৌথ কৌশল প্রণয়ন করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।







