প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:৩৪
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো শঙ্কা নেই।’
ঢাকা শহরে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নিয়মিত কার্যক্রম। এ ধরনের যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক থাকেন এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকেন।
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফজরের নামাজের পর সেখানে একটি ঘটনা ঘটেছে। তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘর্ষ হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত এখনো করা হয়নি। ওই ঘটনায় দুজনের প্রাণহানির খবরও পেয়েছেন বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী যথেষ্ট ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।







