প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:৩২
গঙ্গা চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চিঠির জবাব দেবে। কারণ, গঙ্গা চুক্তি বাংলাদেশ ও ভারত—উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সেই চিঠির জবাব দেবে বলে তিনি আশা করেন।
এর আগে গত ২৬ নভেম্বর পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছিলেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সমাধানে পৌঁছাতে ভারতকে দুই দফা চিঠি দেওয়া হয়েছে। তবে সেসব চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন বলে জানান।
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন। কমিটিতে পানিসম্পদমন্ত্রী, সরকারের অর্থ উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন। বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করাই এ আলোচনার অন্যতম লক্ষ্য।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে বাংলাদেশ আশাবাদী। চুক্তি নবায়ন করা হবে, নাকি সংশোধিত শর্তে নতুন চুক্তি হবে, তা নিয়ে সরকারের গঠিত কমিটি পর্যালোচনা করে আলোচনার অবস্থান নির্ধারণ করবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর ২০২৬ চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।







